শুক্রবার সকালে উদয়পুর শহরে এক সচেতনতামূলক বাইক র্যালির মধ্য দিয়ে পালিত হলো ত্রিপুরা পুলিশ-এর উদ্যোগে ‘ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৬’-এর বিশেষ কর্মসূচি। নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতেই গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বাইক র্যালি— “নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা” শীর্ষক প্রচারাভিযান। এদিন সকালে র্যালির সূচনা পর্বে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিশভ, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায় সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উদয়পুর মহকুমার অধীনস্থ সমস্ত থানার ইন্সপেক্টর ও পুলিশ কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এই কর্মসূচিতে। পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু যুবক স্বতঃস্ফূর্তভাবে বাইক নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন, যা সমাজের ইতিবাচক মনোভাব ও সচেতনতার প্রতিফলন বলেই মনে করছেন আয়োজকরা।
গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিশভ জানান, সমাজে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ রুখতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই বাইক র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা পরিক্রমা করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।
তিনি আরো বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামাজিক অংশীদারিত্ব ও সচেতনতার মাধ্যমেই নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ‘ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে জনমুখী কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যার লক্ষ্য— পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ নির্মাণ।
উদয়পুর শহরে এক সচেতনতামূলক বাইক র্যালি গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে
22
previous post