নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর | ২২ শে সেপ্টেম্বর :
দুপুরে বাড়ি তালাবন্ধ করে অন্নপ্রাশনের নিমন্ত্রণে গিয়েছিলেন গৃহবধূ। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে দেখলেন, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ঘরের দরজা ও সুকেশের তালা।
ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, ঘরে রাখা নগদ প্রায় ২ লক্ষ টাকা এবং স্বর্ণালংকার নেই। দিনদুপুরে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
উদয়পুরের টেপানিয়া ছড়ার বাজার এলাকায়। জানা গেছে, এলাকার বাসিন্দা পূর্ণিমা দেবনাথ দীর্ঘদিন ধরে স্বামীহারা অবস্থায় একাই বসবাস করেন।
দুপুরে আনুমানিক সাড়ে ১২টা নাগাদ মাতাবাড়ি এলাকায় একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হন। বাড়ি তালাবন্ধ করেই তিনি নিমন্ত্রণে যান।
বিকেল প্রায় ৪টা নাগাদ বাড়িতে ফিরে পূর্ণিমা দেবনাথ প্রথমেই দেখতে পান, বাড়ির দুটি দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন,
বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে সুকেশের দিকে নজর পড়তেই চুরির বিষয়টি আরও স্পষ্ট হয়। সুকেশের তালাও ভাঙা ছিল।
সুকেশ খুলে দেখার পর তাঁর মাথায় হাত পড়ে যায়। অভিযোগ, সেখানে রাখা প্রায় ২ লক্ষ টাকা নগদ এবং স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
অল্প কয়েক ঘণ্টার জন্য বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে জড়ো হন।
খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
বাড়ির তালা কীভাবে ভাঙা হয়েছে, চোরেরা কোন পথে ঘরে ঢুকেছে এবং ঘটনার পিছনে কারা রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।