নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৩ নভেম্বর :
উদয়পুর পৌর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস মনোনীত প্রার্থীদের
সমর্থনে শুরু হয়েছে নির্বাচনী প্রচার অভিযান। এদিন বিকেলে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের চৌ-মাথায় এই পথসভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের।
পথসভা শুরু হওয়ার আগে কিছু ঝামেলার সৃষ্টি হলেও পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে ১১ নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে
এক পথসভা অনুষ্ঠিত হয়। প্রথম দিকে সভা ঠিকঠাক ভাবে চললেও শেষের দিকে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে সোনামুড়া চৌহমুনী।
একদল বিজেপির যুব মোর্চার কর্মীরা কংগ্রেসের পথসভার সামনে এসে হামলে পড়ে। এই ঘটনা দেখতে পেয়ে রাধা কিশোরপুর থানার ওসি
সঞ্জীব লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী কংগ্রেস ও বিজেপির সম্মুখ সমরে গিয়ে উপস্থিত হন।
পরিস্থিতি ক্রমশয় উত্তপ্ত এবং উত্তেজনাকর রূপ নেয়। পরে এই ঘটনার খবর পেয়ে মহকুমা অধিকারিক দেবাঞ্জলি রায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছান।
পরবর্তী সময় পুলিশের বাধাদানের ফলে পরিস্থিতি সামাল দেওয়া যায়। যেভাবে উদয়পুরের রাজনীতি পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন
সরগরম হয়ে উঠছে তাতে করে আগামী দিন রাজনীতির পরিবেশ যে খারাপ হবে তা ক্রমশ উদয়পুরের বুকে রাজনীতির
দিনের আলোতেই পরিষ্কার হয়ে উঠেছে বলে মনে করছে উদয়পুরের সচেতন মহল।