নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট | ৩রা নভেম্বর:
কুমারঘাট পুর পরিষদ নির্বাচনকে ঘিরে ক্রমশ সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান। প্রথম দফায় সিপিআইএমের পর এবার দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দিল কংগ্রেস।
মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা।
সেখানে নয়টি আসনের জন্য রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুরসভা ও নগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে কুমারঘাট পুর পরিষদের ১৫টি আসনেও হবে ভোটগ্রহণ।
মঙ্গলবার কংগ্রেসের নয়টি মনোনয়ন জমা পড়ায় নির্বাচনী লড়াইয়ে আরও একধাপ এগোল হাত শিবির।
মনোনয়ন জমা দেওয়ার পর কংগ্রেস নেতা তরুণ সাহা জানান, নির্বাচনে জয়ী হলে কুমারঘাট পুর এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে কংগ্রেস।
পাশাপাশি পুর এলাকার বিভিন্ন করের ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচনে দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব।
এদিকে, কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে এখনও পর্যন্ত জমা পড়া মনোনয়নপত্রের হিসাব তুলে ধরেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক শুভম মিনা।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মহকুমা শাসক অফিসে জমা পড়েছে মোট ১৪টি মনোনয়নপত্র।
এরমধ্যে প্রথম দফায় সিপিআইএমের পাঁচটি এবং দ্বিতীয় দফায় জমা পড়েছে কংগ্রেসের নয়টি মনোনয়ন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।
যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিলো রাজ্য পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।
সব মিলিয়ে, কুমারঘাট পুর পরিষদের ১৫টি আসনকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি এখন তুঙ্গে। মনোনয়ন জমার পরিসংখ্যানে আপাতত এগিয়ে কংগ্রেস ও সিপিআইএমের তৎপরতা।
তবে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে কোন দল কতটা প্রভাব বিস্তার করতে পারে, তার উত্তর মিলবে আগামী ২৭ নভেম্বর ভোটের বাক্সে।