নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া | ৩১ অক্টোবর :
পুরভোট ঘোষণা হতেই মনোনয়ন জমা CPI(M)-র, প্রার্থী জটে হিমশিম বিজেপি । বিলোনিয়ায় ১০ ওয়ার্ডে বাম প্রার্থীদের মনোনয়ন দাখিল - যুবদের উপর ভরসা ।
শুক্রবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশন পৌরসভা, পৌর নিগম ও নগর পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই ময়দানে নেমে পড়ল সিপিআইএম।
অন্যদিকে প্রার্থী বাছাইয়ের জটিলতায় এখনও কালঘাম ছুটছে শাসক শিবিরের।নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই শনিবার বিলোনিয়ায় মনোনয়ন পর্ব শুরু করে দিল সিপিআইএম।
বিলোনিয়া পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড পর্যন্ত ১০টি ওয়ার্ডে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বাম মনোনীত প্রার্থীরা।
জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট অনেক আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে রেখেছিল।
সেই প্রস্তুতির ফলেই এত দ্রুত মনোনয়ন জমা দিতে পারল তারা। অন্যদিকে শাসক দল বিজেপি এখনও প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি।
বিভিন্ন নগর পঞ্চায়েত ও পৌরসভায় প্রার্থী পদের দাবিদার অনেক। ফলে চূড়ান্ত বাছাই করতে দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় নেতৃত্বরা।
কিছু পৌরসভার নাম প্রদেশ নেতৃত্বের কাছে জমা পড়লেও, চূড়ান্ত ঘোষণা এখনও বাকি। সূত্রের খবর, ১ বা ২ তারিখের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।
এদিন সিপিআইএম-র প্রার্থী তালিকায় চমক রয়েছে। কিছু প্রাক্তন কাউন্সিলরকে রাখা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নতুন মুখ, বিশেষ করে যুবক-যুবতীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিয়ে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তথা DYFI-র প্রাক্তন রাজ্য সম্পাদক তাপস দত্ত বলেন -নাগরিক স্বাচ্ছন্দ্য ও শহরের
পরিষ্কার-পরিচ্ছন্নতা একেবারে তলানিতে ঠেকেছে শাসক দল পরিচালিত পৌর সংস্থার আমলে। বামফ্রন্ট আমলে তৈরি উন্নয়নমূলক কাজগুলি রক্ষণাবেক্ষণ না করে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া
হচ্ছে। বিলোনিয়া পৌরসভাকে নতুন করে ঢেলে সাজাতে বাম মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।এদিন সাংবাদিকদের জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান,
এখানে জোটের কোনও প্রশ্ন নেই। যারা বামপন্থী, প্রগতিশীল, মানুষের কাছে গ্রহণযোগ্য এবং কাজ করতে পারবে -
তারা যে কোনও দলেরই হতে পারে। তারা কীভাবে এগিয়ে আসবে সেটা তাদের উপর নির্ভর করছে।
সব মিলিয়ে মনোনয়ন পর্বে এগিয়ে থেকে নির্বাচনী প্রচারে বাড়তি অক্সিজেন নিয়ে নিল বাম শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।