নিজস্ব প্রতিনিধি , অমরপুর | ২ নভেম্বর :
নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার শক্তি প্রদর্শন করে অমরপুর শহরে মিছিল করল CPIM অমরপুর মহকুমা কমিটি।
এদিন অমরপুর উত্তর বাজারস্থিত CPIM-এর সদর দপ্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দেবনাথ,
মহকুমা সম্পাদক প্রহ্লাদ পাল-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মিছিল শেষে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অমরপুর নগর পঞ্চায়েতের
১৩টি আসনের মধ্যে নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয় CPIM। তবে এদিনের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে উত্তম মজুমদারের প্রার্থীপদ।
গত নগর পঞ্চায়েত নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। একসময় অমরপুরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন উত্তম মজুমদার।
সেই উত্তম মজুমদারই এবার ৩ নম্বর ওয়ার্ড থেকে CPIM প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
একসময় বিজেপির জনপ্রতিনিধি, এবার বাম শিবিরের প্রার্থী! রাজনৈতিক সমীকরণের এই পরিবর্তন ঘিরে ইতিমধ্যেই অমরপুর মহকুমার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
কেন এই দলবদল? এর পেছনে রয়েছে কোন রাজনৈতিক সমীকরণ? নির্বাচনের আগে উত্তম মজুমদারের এই অবস্থান
পরিবর্তন কতটা প্রভাব ফেলবে ভোটের লড়াইয়ে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।