নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট | ২ নভেম্বর :
সামনেই আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের আলোকসজ্জায় মোমবাতির গুরুত্ব আজও অমলিন। তাই উৎসবের আগে মোমবাতি তৈরির কারখানাগুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে।
সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে চলছে মোমবাতি তৈরির কাজ। ঊনকোটি জেলার কুমারঘাটের দেবনাথ ক্যান্ডেল কারখানাতেও এখন ব্যস্ততার ছবি।
দীপাবলিকে সামনে রেখে তৈরি হচ্ছে হরেক রকমের মোমবাতি। দীর্ঘ সাত বছর ধরে মোমবাতি তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কারখানার কর্ণধার সত্যজিৎ দেবনাথ।
তাঁর কথায়, সারা বছরই কারখানায় মোমবাতি তৈরির কাজ চলে। তবে দীপাবলিকে কেন্দ্র করে বেড়েছে চাহিদা এবং কাজের চাপ।
কুমারঘাটের পাশাপাশি বহিরাঞ্চল থেকেও আসছে অর্ডার। সময়মতো সেই অর্ডার পৌঁছে দিতে নিয়োগ করতে হয়েছে বাড়তি শ্রমিকও।
বর্তমানে কারখানায় পাঁচজন মহিলা শ্রমিক নিয়মিত কাজ করছেন। এই কাজ থেকে উপার্জিত অর্থেই চলে তাঁদের সংসার।
তাঁদের হাতের কাজেই তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ছোট-বড় মোমবাতি। তিনি বলেন, তার কারখানায় ছোট থেকে বড় সাইজের সব ধরনের মোম থাকলেও
পুজোতে বড় মোমের চাইতে ছোট মোমের চাহিদাই সবচাইতে বেশি। কারখানার কর্ণধার জানান, মোমবাতি তৈরির পাশাপাশি আগ্রহীদের দেওয়া হয় প্রশিক্ষণও।
ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও সময়ের সঙ্গে বেড়েছে তার ব্যবসার পরিধি। তাঁর দাবি, মোমবাতির চাহিদা বাড়ার পাশাপাশি মিলছে ভালো দামও।
আগামী দিনে এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে আপাতত লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত অর্ডার পৌঁছে দেওয়া।
উৎসবের আনন্দে আলোকিত হবে অগণিত ঘরবাড়ি। সেই আলোর পেছনে রয়েছে এই কারিগরদের নিরলস পরিশ্রম।
তাঁদের হাতেই তৈরি হচ্ছে দীপাবলির আলোর অন্যতম অনুষঙ্গ মোমবাতি। উৎসবের আগে বাড়তি চাহিদা
যেমন ব্যবসায় আশার আলো দেখাচ্ছে, তেমনই কয়েকজন শ্রমজীবী মহিলার সংসারেও জোগাচ্ছে বাড়তি আয়ের সুযোগ।