নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৯ অক্টোবর :
বৃহস্পতিবার সাত সকালে পুলিশের গোপন খবরের ভিত্তিতে উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানী ফাঁড়ি থানার সামনে নাকা তল্লাশি চলাকালীন সময় আগরতলার দিক থেকে আসা
একটি ম্যাক্স গাড়িতে তল্লাশি চালানো হয়। তার মধ্য থেকে ম্যাক্স গাড়ির যাত্রী জয়ন্ত লাল চাকমা নামে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে ২০০ টি কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ।
সকাল আটটা নাগাদ এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহারানী এলাকা জুড়ে। পরে ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ছুটে যান ঘটনাস্থলে।
গ্রেপ্তার করা হয় জয়ন্ত লাল চাকমা কে। এই ঘটনায় গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস জানান , ধৃত জয়ন্ত লাল চাকমার বাড়ি ধলাই জেলার ডুম্বুর নগর চন্দ্র দাস পাড়ায় ।
ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল ২০০ টি কার্তুজ। পুলিশের সূত্রে জানা যায় জয়ন্ত লাল চাকমা আসাম থেকে এই কার্তুজগুলি নিয়ে
আসে। কিন্তু সবটাই এখন তদন্তের উপর জানা যাবে গোটা বিষয়টি এমনটি জানান পুলিশ সুপার। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি যখন ছড়িয়ে পড়ে তখন একটি প্রশ্ন সামনে উঠে আসে।
আগরতলা নাগের জলা স্ট্যান্ড থেকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে চেপে জয়ন্ত লাল চাকমা জাতীয় সড়ক ধরে মহারানী ফাঁড়ি থানার সামনে চলে আসে।
কিন্তু জাতীয় সড়কের ধারে রয়েছে বিভিন্ন থানা এবং ফাঁড়ি থানা গুলি। এতগুলি থানা পেরিয়ে আসার পরেও কেন অন্য কোন থানার সামনে তাকে ধরতে পারেনি পুলিশ।
কোথাও কি ঢিলেঢালা পরিস্থিতি রয়েছে গোটা জাতীয় সড়ক ধরে ? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে শহর উদয়পুরে।
একমাত্র গোমতী জেলার পুলিশের কাছে যে গোপন খবরটি ছিল তাতেই এত বড় একটি সাফল্য পেয়েছে মহকুমা পুলিশ।
এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন পুলিশি তদন্তে কি উঠে আসে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উদয়পুরবাসী।