নিজস্ব প্রতিনিধি , অমরপুর | ২৫ অক্টোবর :
একদিকে মা লক্ষ্মীর আগমনে যখন আলোকিত ঘরে ঘরে, তখনই অমরপুরের কাঁসারী পট্টিতে সাহা পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরিবারের ঘরের পাশাপাশি সমস্ত আসবাবপত্র ও ঘরের জিনিসপত্র। পুজোর আনন্দের মাঝে সর্বস্ব হারিয়ে কার্যত দিশেহারা গৃহকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৪টা নাগাদ সাহা পরিবারের রান্নাঘরে হঠাৎ আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা।
সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে খবর দেওয়া হয়। আগুনের ভয়াবহতা দেখে পাড়া-প্রতিবেশীরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় একটি রান্নাঘর ও তিনটি থাকার ঘর। পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়েছে বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা-ও স্পষ্ট নয়।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরগঞ্জ থানার পুলিশ। পুজোর মরশুমে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে সাহা পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।
যে সময়ে চারদিকে উৎসবের আলো, সেই সময়েই আগুনের গ্রাসে অন্ধকার হয়ে গেল একটি পরিবারের সুখের সংসার।