নিজস্ব প্রতিনিধি ,সোনামুড়া | ১০ নভেম্বর :
ঘরে দেড় বছরের সন্তান, তার আগেই মায়ের রহস্যজনক মৃত্যু! ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানায় ৬ জনের নামে মামলা!
ঘরে দেড় বছরের শিশু সন্তান। সেই সন্তানকে মায়ের স্নেহ থেকে চিরতরে বঞ্চিত করে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রাপুর থানাধীন
লালটিলা এলাকায়। মৃত তরুণীর নাম ইভা আক্তার। তিনি ত্রিপুরা TSR জওয়ান আলমগীর হোসেনের মেয়ে। বাবার পরিবারের অভিযোগ,
ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্তসাপেক্ষ।
সংবাদ সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে কাঁঠালিয়ার লালটিলার বাসিন্দা ইভা আক্তার পালিয়ে বিয়ে করেন সোনামুড়া থানাধীন ময়নামা এলাকার যুবক সাদ্দাম হোসেনকে।
অভিযোগ, বিয়ের এক বছরের মধ্যেই ইভার বাবার বাড়ি থেকে একটি মোটরবাইক নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করেন স্বামী।
এই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। ঝামেলা হলেই ইভা বাবার বাড়িতে এসে কান্নাকাটি করে নিজের কষ্টের কথা জানাতেন বলে দাবি পরিবারের।
ইভার বাবা আলমগীর হোসেনের আরও অভিযোগ, তাঁর জামাতার অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল।
আর সেই সম্পর্ককে কেন্দ্র করেই ইভার উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তবে মেয়েকে এভাবে চিরতরে হারাতে হবে, তা তিনি কখনও কল্পনাও করেননি।
আলমগীর হোসেনের দাবি, গতকাল রাতে তিনি যখন ডিউটিতে ছিলেন, ঠিক তখনই ইভার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাঁর মেয়ে আত্মহত্যা করেছে।
কিন্তু বাবার দাবি, ইভা আত্মহত্যা করেননি; তাঁকে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগও তুলেছে ইভার বাবার পরিবার।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোনামুড়া থানায় স্বামী সাদ্দাম হোসেনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইভার বাবা আলমগীর হোসেন।
একদিকে দেড় বছরের শিশুর মাতৃহারা হয়ে পড়া, অন্যদিকে মেয়েকে হারিয়ে বাবার বিচার পাওয়ার আকুতি—সব মিলিয়ে এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এখন দেখার বিষয়, পুলিশি তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ কী উঠে আসে। এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—
সেই রহস্যের উন্মোচন এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় ইভার পরিবার।