নিজস্ব প্রতিনিধি , বানারহাট | 8 নভেম্বর : বানারহাটে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ।
ধৃত যুবকের নাম ভাস্কর মণ্ডল ওরফে মিষ্টি (২৭)। তিনি বানারহাট কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় ৩টে নাগাদ এলআরপি মোড় থেকে লক্ষ্মীপাড়া চা বাগানের দিকে যাওয়ার জাতীয় সড়ক-১৭-এর ধারে
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। সেই সময় পুলিশ তাঁকে আটক করে। পরে কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
তল্লাশি চালিয়ে তাঁর পকেট থেকে ১৬.৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত যুবক
একদিন আগে মালদা থেকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
এরপর তাঁকে গ্রেফতার করে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বানারহাট থানার আইসি সূরজ থাপার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উল্লেখ্য, একদিকে বানারহাট থানার পুলিশের পক্ষ থেকে নেশা ও মাদকবিরোধী
.সচেতনতা গড়ে তুলতে লাগাতার প্রচার চালানো হচ্ছে, অন্যদিকে এলাকায় যুবসমাজের একাংশের মধ্যে মাদক সেবন ও মাদক
কারবারের অভিযোগ উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা।