নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর | ১৫ অক্টোবর :
রাতের অন্ধকারে টেপানিয়া জেলা হাসপাতালের মেডিকেল সুপার অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা । ঘটনার বিবরণে জানা গিয়েছে ,
বুধবার গভীর রাতে মেডিকেল সুপারের অফিসের ভেতরে দরজা ভেঙে প্রবেশ করে চোরের দল। নিয়ে যায় বড় একটি এলইডি টিভি, কম্পিউটার থেকে
শুরু করে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী। আজ সকালে অফিসের এক সাফাই কর্মী অফিসে আসার পর প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পরে অফিস কর্মচারীদের মধ্যে জানাজানি হতেই গোটা ঘটনাটি জানানো হয় মেডিকেল সুপার ড: কাজল দাস কে।
পরে এই ঘটনার এই বিষয়ে রাধা কিশোরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার তদন্ত শুরু করে।
চুরির ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে অফিসের সিসিটিভি ক্যামেরায় । কিন্তু প্রশ্ন উঠছে অতি গুরুত্বপূর্ণ একটি অফিস থাকা সত্ত্বেও রাতে পাহারাদার কেন রাখা হচ্ছে না ?
এই বিষয়ে প্রশ্ন উঠছে গোটা অফিস চত্বরে। যেভাবে সরকারি সম্পত্তি লুটপাট করা হয়েছে তাতে করে রাতে কতটুকু সুরক্ষিত এই অফিসের গুরুত্বপূর্ণ
অফিস ফাইল থেকে শুরু করে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী গুলি। সবমিলিয়ে এক প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালের মেডিকেল সুপারের অফিস ।
এখন দেখার বিষয় দুর্গাপূজার এই সময় কালে রাধা কিশোরপুর থানার পুলিশ কতটুকু চোর ধরতে সক্ষম হয় ? সেদিকে তাকিয়ে আছে গোটা ডাক্তার মহল ।