নিজস্ব প্রতিনিধি ,অমরপুর | ১৫ অক্টোবর :
অমরপুর আরডি ব্লকের আর্থিক সহযোগিতা এবং মৈলাক হাইস্কুলের ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আগমনী উদযাপন অনুষ্ঠান।
বুধবার দুপুর ১২টায় অমরপুর আরডি ব্লকের অন্তর্গত মৈলাক পঞ্চায়েত এলাকার মৈলাক হাইস্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ইনচার্জ দেবাশিস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অমরপুর আরডি ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৈলাক পঞ্চায়েতের উপপ্রধান রাহুল দাস, বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান বিজয় লাল সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছড়া, নৃত্য ও সংগীত পরিবেশনের পাশাপাশি ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান উপস্থাপন করে। প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজনে খুশি অভিভাবক, ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি করে।
অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের ইনচার্জ দেবাশিস চক্রবর্তী জানান, ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার বিকাশ
ঘটানোই এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও বিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পাশাপাশি, গ্রামের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরে রাজ্যস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও বিদ্যালয়
কর্তৃপক্ষ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।