নিজস্ব প্রতিনিধি , কদমতলা | ২৮ অক্টোবর :
গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানাধীন ঝেরঝেরি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ।
এ ঘটনায় গাঁজা পাচারে ব্যবহৃত একটি মালবাহী বলেরো গাড়ি সহ চালককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে জানিয়েছে
পুলিশ। বুধবার রাতে অসম অভিমুখী TR01AR-1642 নম্বরের একটি মালবাহী বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বডির গোপন কক্ষ থেকে বিভিন্ন আকারের ১৭টি প্যাকেটে থাকা শুকনো
গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ডিসিএম সুমন দাস, ফরেন্সিক দলের সদস্য এবং কদমতলা থানার পুলিশ।
এই ঘটনায় গাড়ির চালক কিষান ঘোষ (২৯), পিতা মৃত কার্তিক ঘোষ, সুভাষনগর পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা, তাঁকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক
জানিয়েছেন, আগরতলার খয়েরপুর বাইপাস থেকে গাঁজাগুলি গাড়িতে বোঝাই করে অসমে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
কদমতলা থানার সাব-ইন্সপেক্টর মনোজ কুমার পাল জানান, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়।
ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।