নিজস্ব প্রতিনিধি , যাত্রাপুর :
যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় বড়সড় সাফল্য পেল আরক্ষা প্রশাসনের যৌথ বাহিনী।
প্রায় তিন ঘণ্টার বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে মোট ২১১ কেজি শুকনো গাঁজা।
যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ, টিএসআর জওয়ান এবং ত্রিপুরা স্পেশাল ফোর্সের সদস্যদের নিয়ে প্রায় ৪০ জনের একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযানের সময় কৃষিজমির পাশের একটি ছড়ার ধারে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকে মোড়ানো সাতটি বস্তা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তবে এই মাদক কারবারের সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে যাত্রাপুর থানার পুলিশ। ওসি পার্থনাথ ভৌমিক জানান, মাদকমুক্ত
সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি, মাদকবিরোধী লড়াইয়ে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।