নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ৪ অক্টোবর :
এখনো বর্তমান সমাজে সততা বেঁচে রয়েছে। এক সত্যনিষ্ঠার মধ্য দিয়ে আরো একবার ভালো মানসিকতার পরিচয় দিয়েছেন এক অটোরিক্সা চালক।
জানা যায় , শনিবার রাত প্রায় ৮ টা কুড়ি নাগাদ উদয়পুর রমেশ চৌহমুনি থেকে মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর অটোরিক্সায় ওঠেন কাকরাবন মোটর স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ।
৯ টা নাগাদ কাকরাবন মোটর স্ট্যান্ডে যথারীতি গন্তব্যে পৌঁছার সাথে সাথে নেমে যান ব্যবসায়ীর রতন সূত্রধর।
কিন্তু ভুলবশত অটো রিক্সার মধ্যেই তার একটি ব্যাগ ফেলে রেখে যান । রবিবার সকালে উদয়পুর রাজধরনগর এলাকার অটো রিক্সাচালক আক্তার হোসেন তার
গাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে হঠাৎ গাড়ির পেছনের আসনে দেখতে পান একটি পরিত্যক্ত ব্যাগ ।
পরে ব্যাগটি তল্লাশি যখন শুরু করেন অটোচালক আক্তার হোসেন তখন তিনি দেখেন এর মধ্যে ৮০ হাজার টাকা রয়েছে।
পরবর্তী সময় একটি ফোন নাম্বার খুঁজে পেয়ে যথারীতি ফোন করেন ব্যাগের মালিককে। পরে আজ সকাল ৯ টা নাগাদ মেলাঘর থেকে ব্যবসায়ী রতন সূত্রধর
ছুটে আসেন তার হারিয়ে যাওয়া ৮০ হাজার টাকা নেওয়ার জন্য। পরে রাজারবাগ গর্জনমুড়া অটোরিক্সা স্ট্যান্ডে সকলের উপস্থিতিতে অটোচালক আক্তার হোসেন টাকার
ব্যাগ তুলে দেন ব্যবসায়ী রতন সূত্রধরের হাতে। অটো চালকের এই ধরনের সততা সত্যি প্রশংসার যোগ্য বলে মনে করছেন সমস্ত শ্রমিকরা।
মানবতা আজও বেঁচে রয়েছে শ্রমিকের অন্তরে।