নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৫ অক্টোবর :
গোমতী জেলার পুলিশ সুপার অরিন্দম দাস জানান, ৫ অক্টোবর ভোটগণনা উপলক্ষে জেলার সাতটি গণনাকেন্দ্রেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
ভোটগণনাকে কেন্দ্র করে ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংক্রান্ত বিধান অনুযায়ী
১৬৩ ধারা জারি থাকবে।এই নির্দেশ অনুযায়ী এডিসি এলাকার নির্দিষ্ট স্থানে একসঙ্গে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে
এবং নির্দেশ অমান্য করে জমায়েত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।
ভোটগণনার দিন গণনাকেন্দ্র ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ, টিএসআর এবং
ত্রিপুরা পুলিশের জওয়ানদের মোতায়েন করা হবে। গণনাকেন্দ্রের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা এবং গণনাকেন্দ্র সংলগ্ন
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজরদারি রাখা হবে।