নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর | ৩০ মার্চ, ২০২৬
কৈলাসহর: চুরির অভিনব কৌশলও শেষ রক্ষা করতে পারল না। গভীর রাতে বিলাসবহুল অল্টো গাড়িতে গরু চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক চোরচক্র। নিয়ন্ত্রণ হারিয়ে চোরদের গাড়িটি খাদে পড়ে যাওয়ায় ভেস্তে গেল পাচারের পরিকল্পনা। জনরোষের মুখে গাড়ি ফেলে চোরেরা পালালেও উদ্ধার হয়েছে দুটি গরু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৈলাসহর গৌরনগর আর.ডি ব্লকের অন্তর্গত ধলিয়ারকান্দি হামীদপুর এলাকা
ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে একদল চোর ধলিয়ারকান্দি হামীদপুর এলাকা থেকে দুটি গরু চুরি করে একটি সাদা রঙের অল্টো গাড়িতে (নম্বর: TR05G0387) করে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু পালানোর সময় গাড়ির গতিবেগ অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে দেখতে পান, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে গাদাগাদি করে দুটি গরু বোঝাই করা রয়েছে। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা গরু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
ভিআইপি গাড়িতে চুরির কারবার ঘটনায় সবচেয়ে অবাক করার বিষয় হলো চুরির কাজে ব্যবহৃত গাড়িটি।
উদ্ধার হওয়া সাদা রঙের অল্টো গাড়িটিতে একটি ভিআইপি নম্বর লাগানো রয়েছে। এলাকাবাসীর অভিযোগ:এই নির্দিষ্ট গাড়িটি ব্যবহার করে এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। ভিআইপি নম্বর থাকায় এতদিন প্রশাসনের নজর এড়িয়ে যাতায়াত করছিল গাড়িটি।
এলাকাবাসীর দাবি, এই চক্রের সাথে প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে।
আতঙ্কে এলাকাবাসী বারবার চুরির ঘটনায় ধলিয়ারকান্দি ও হামীদপুর এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, গাড়ির নম্বরের সূত্র ধরে অবিলম্বে মালিককে শনাক্ত করতে হবে এবং পলাতক চোরদের গ্রেপ্তার করতে হবে।
বর্তমানে উদ্ধার হওয়া গাড়ি ও গরুগুলো স্থানীয়দের জিম্মায় রয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এই আন্তঃজেলা চোরচক্রের মূল হোতাদের জালে তুলতে পারে কি না।