নিজস্ব প্রতিনিধি , বাইখোড়া | ২৮ সেপ্টেম্বর :
রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর ছবির সাথে এক মহিলার ছবি যুক্ত করে ফেসবুকে অশ্লীল ছবি পোষ্টের তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার বাইখোরা থানায় এফ আই আর দায়ের
করলো উপজাতি যুব ফেডারেশন শান্তিরবাজার বিভাগীয় কমিটি। যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কুরুচিমূলক পোস্ট করা হয়েছে
সেই একাউন্টের এডমিনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন।
বাইখোরা থানায় এফ আই আর প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি ওয়াই এফ শান্তিরবাজার বিভাগীয় সভাপতি পূর্ণচন্দ্র ত্রিপুরা জানান,
সম্প্রতি ফেসবুকে "দিমাগী নকশাল" নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর ছবির সাথে এক মহিলার ছবি যুক্ত করে ফেসবুকে অশ্লীল ছবি পোষ্ট
করা হয়েছে। যা খুবই ন্যক্কারজনক ঘটনা ও ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বাইখোরা থানায় উপজাতি যুব ফেডারেশন শান্তিরবাজার বিভাগীয় কমিটির পক্ষ
থেকে আমরা এফ আই আর দায়ের করেছি। সেইসাথে এই "দিমাগী নকশাল" ফেসবুক অ্যাকাউন্টের এডমিনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
পূর্ণচন্দ্র ত্রিপুরা আরও জানান, শুধু বাইখোরা থানা নয়, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আগামীদিনে রাজ্যের সবকটি থানায় এই মামলা করা হবে।
এমনকি রাজ্য সকল এস ডি পি ও, এস পি এবং ডি এস পি'র কাছে এই এফ আই আর কপি প্রদান করা হবে। এদিনের এফ আই আর প্রদানে
এছাড়াও উপস্থিত ছিলেন টি ওয়াই এফ নেতা নিউমঙ মগ, বিকাশ ত্রিপুরা, পরেন্দ্র ত্রিপুরা ও থৈক্য মগ।