নিজস্ব প্রতিনিধি , কুমারঘাট | ২৭ সেপ্টেম্বর :
সোমবার ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন। সমগ্র রাজ্যের সাথে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনেও হচ্ছে এডিসির গ্রাম স্তরীয় নির্বাচন।
ভোট উপলক্ষে কুমারঘাটেও চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের। ভোট গ্রহণের লক্ষ্যে রবিবার কড়া
নিরাপত্তায় ভোট সরঞ্জাম সমঝে দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হলো ভোট কর্মীদের।
ফটিকরায়ের রাজকান্দি জোনাল কার্যালয় তথা ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্র থেকে সরঞ্জাম বুঝে নিয়ে কড়া নিরাপত্তায় একে একে ভোটকেন্দ্রের পথে রওনা দেন ভোটকর্মীরা।
কুমারঘাট ব্লকের বিডিও তথা নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানান, ব্লকের ২৪টি ভোটকেন্দ্রে সোমবার হবে ভোটগ্রহণ।
প্রশাসনের তরফে সম্পূর্ণ হয়েছে ভোটের প্রস্তুতি। ভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
পুলিশের তরফে কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঐ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী
মোতায়েন করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার ভোট সরঞ্জাম বিতরণকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রাজকান্দির জোনাল
কার্যালয়ে ছিল কড়া নিরাপত্তা। ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে নির্ধারিত সময়ে একে একে ভোট কেন্দ্রের পথে রওনা দেন ভোটকর্মীরা।
এককথায় সোমবার অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে কুমারঘাটেও পুরোপুরি প্রস্তুত প্রশাসন।