নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ৮ অক্টোবর :
আগামী কিছুদিন বাদে উদয়পুরে শুরু হবে দুর্গাপূজা। বিভিন্ন ছোট এবং বড় ক্লাবগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন ক্লাবে এই বছর লক্ষ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে ।
গত বছর দুর্গাপূজার চাঁদা নিয়ে বেশ কয়েকটি ক্লাবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিলো। সেদিকে লক্ষ্য রেখে এই বছর পুলিশের পক্ষ থেকে উদয়পুর শহরের মধ্যে সমস্ত
ক্লাবগুলিকে ডেকে এক বৈঠক করা হয়। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রাধাকিশোরপুর মহিলা থানার কনফারেন্স হল ঘরে বিভিন্ন ক্লাবের সভাপতি,
সম্পাদক থেকে শুরু করে ক্লাবের সদস্য ও সদস্যাদের নিয়ে বৈঠক করেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার । এই বৈঠকে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়,
রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর ও উদয়পুর ট্রাফিক ডিএসপি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
সমস্ত ক্লাবের উদ্দেশ্যে চাঁদা সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। যদি কোন ক্লাব চাঁদার জন্য কোন ধরনের চাপ সৃষ্টি করে
এর বিরুদ্ধে যদি কোন মামলা দায়ের করে কোন পরিবার তাহলে সে ক্লাবের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
এমনটাই হুঁশিয়ার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিন ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে উদয়পুরের এই ক্লাবগুলোর পক্ষ থেকে।