নিজস্ব প্রতিনিধি , শান্তির বাজার :
২০২৬ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নিরবচ্ছিন্ন ১২ বছরের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণের গৌরবময় পূর্তি উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলাজুড়ে পালিত হলো তিন দিনব্যাপী এক বিশেষ 'জনকল্যাণ শিবির'।
শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়াম হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।
১৬ই জুন সকাল ১১টায় প্রদীপ বৃক্ষের মধ্যে জল দিয়ে এই শিবিরের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাধিপতি বিগত ১২ বছরে দেশের আমূল পরিবর্তন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্যের কথা জনসম্মুখে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আই এ এস ,
শান্তিরবাজারের মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং,শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা ।
সকলে নিজ নিজ বক্তব্যে মাধ্যমে সরকারি পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন।
শিবির প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে একাধিক স্টল খোলা হয়েছিলো যা সাধারণ মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ ও তৎক্ষণাৎ সুবিধা প্রদানের ব্যবস্থা ছিল এই শিবিরের অন্যতম উল্লেখযোগ্য দিক।
পাশাপাশি কৃষি দপ্তর, মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট দল, ফরেস্ট, পুলিশ এবং মোটর ভেহিকেলস বিভাগের পৃথক স্টল থেকে সরকারি প্রকল্পের খুঁটিনাটি ও সুবিধা সম্পর্কে জনসাধারণকে সরাসরি সচেতন করা হয়।
মাতৃমঙ্গল যোজনা সহ নারী ও শিশু কল্যাণ দপ্তরের পরিষেবা গ্রহণ করতেও প্রচুর ভিড় লক্ষ্য করা যায়।সরকারি পরিষেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগে এলাকার মানুষের মুখে ছিল তৃপ্তির হাসি।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপভোক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
প্রশাসনিক এই তৎপরতা এবং প্রান্তিক মানুষের স্বার্থে নেওয়া এই জনকল্যাণমূলক উদ্যোগ দক্ষিণ ত্রিপুরাবাসীর কাছে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিন দিনব্যাপী এই শিবিরের সফল সমাপ্তিতে প্রশাসনের তরফে সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।