নিজস্ব প্রতিনিধি , কুমারঘাট | ২৩ সেপ্টেম্বর :
ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সঙ্গে অন্য কোন দলের জোট সম্ভাবনা আপাতত উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
ত্রিপুরায় জোট নিয়ে কংগ্রেস দলের এখনো নেই কোন চর্চা। আগামী নির্বাচনে ত্রিপুরায় এককভাবেই লড়ছে কংগ্রেস। স্পষ্টবার্তা প্রদেশ সভাপতির।
২০২৮ এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় পরিবর্তনের বার্তা বহন করছে মানুষের সমর্থন। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
এমনই অকপট মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার। রাজ্যের এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি- আইপিএফটি-তিপ্রামথা জোট সরকারের বিরুদ্ধে
একাধিক অভিযোগ তুলে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের বাধা ও মনোনয়ন প্রত্যাহারে ভয়ভীতি দেখানোর
বিস্ফোরক অভিযোগও বিজেপি জোট সরকারের বিরুদ্ধে তুললো কংগ্রেস। আগামী ২৮শে সেপ্টেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন।
এই নির্বাচন উপলক্ষে সম্প্রতি উনকোটি জেলার কুমারঘাটে নির্বাচনী কাজে যোগ দিতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা।
সেখানে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-তিপ্রামথা- আইপিএফটি জোট সরকারের
বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন আশীষ সাহা। তিনি বলেন, নির্বাচনের প্রাকমুহূর্তে বিজেপি তিপ্রামথার সন্ত্রাস মাত্রাতিরিক্তভাবে বিরাজ করছে সর্বত্র।
যারা ডাবল ইঞ্জিন ত্রিপল ইঞ্জিনের গল্প শুনিয়েছিলেন তাদের শাসনে পাহাড়, সমতল কিংবা রাজ্যের সার্বিক উন্নয়নে কোন উদাহরণ নেই।
রাজ্যের সরকার সকল অংশের মানুষকে নানা আর্থিক চাপে ফেলে দৈনন্দিন জীবনযাপনে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। এর থেকে পরিত্রাণ চাইছেন মানুষ।
পাহাড়ের উন্নয়নে কোন দিশা বিজেপি কিংবা তিপ্রামথা প্রশাসন কেউই দিতে পারেনি। একসময় কংগ্রেস দলের পক্ষে প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব ছিল সেখানে বর্তমান এডিসি ভিলেজ
কাউন্সিল নির্বাচনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিজেপি ত্রিপুরা মাথার সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন নির্বাচনে দক্ষিণ জেলায় প্রার্থী দিতে পারেনি কংগ্রেস।
কিন্তু উত্তর,ঊনকোটি ও ধলাই জেলাকে এই নির্বাচনে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দলের তরফে। তিনি বলেন বর্তমানে এককভাবেই লড়ছে কংগ্রেস জোট নিয়ে এই মুহূর্তে কোন চর্চা নেই দলের।
সারা দেশজুড়ে কংগ্রেসের প্রসার ঘটছে বলে দাবি করেন তিনি। মানুষ এখন কংগ্রেসকে চাইছেন এবং মানুষের এই সমর্থন ২০২৮ সালে রাজ্যে পরিবর্তনের বার্তাও বহন করছে বলে এদিন দাবি
করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় জোটের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়ে একক লড়াইয়ের বার্তা দিয়েছে কংগ্রেস।
তবে ২০২৮ এখনও অনেক দূরে। ফলে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বদলাতে পারে দলের অবস্থানও।
এরই মধ্যে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে কংগ্রেসের ফলাফল দলের সাংগঠনিক শক্তির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।