নিজস্ব প্রতিনিধি, খোয়াই |
আবারও খোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। পণ্যবাহী গাড়ির সঙ্গে পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল দুই যুবকের।
গুরুতর আহত অবস্থায় আরও এক যুবককে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়
আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার পদ্মবিল নাগরসর্দারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই যুবকের নাম বিশ্বজিৎ সাঁওতাল (২২) এবং বিশ্বজিৎ মুন্ডা (২৪)। তাঁদের দুজনেরই বাড়ি খোয়াইয়ের লালটিলা-মৃত্তিঙ্গাছড়া এলাকায়।
গুরুতর আহত যুবকের নাম তপন গোয়ালা। তার বাড়ি ধলাবিল কার্গিলটিলা এলাকায় বলে জানা গেছে
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তপন গোয়ালা, বিশ্বজিৎ মুন্ডা ও বিশ্বজিৎ সাঁওতাল—এই তিন যুবক TR06E-8668 নম্বরের একটি পালসার মোটরবাইক নিয়ে বাইজালবাড়ি
থানার অন্তর্গত ছনখলা বাজারে মাছ বিক্রি করতে যান। বাজারের কাজ শেষ করে তিনজন একই বাইকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
ফেরার পথে পদ্মবিলের নাগরসর্দারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা TR01H-0915 নম্বরের একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা তিন যুবকই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিৎ সাঁওতাল ও বিশ্বজিৎ মুন্ডার।
অন্যদিকে, তপন গোয়ালা গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর পড়ে ছিলেন। দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশকে।
খবর পেয়ে খোয়াই দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত তপন গোয়ালাকে উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, বাইজালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে পণ্যবাহী গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ, তবে এই ঘটনায় কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।