নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :
মঙ্গলবার রাত একটা নাগাদ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান ঘর । এরমধ্যে রয়েছে একটি মুদি দোকান, রেস্টুরেন্ট ও জুতা দোকান ।
ঘটনাটি ঘটে পিত্রা পুলিশ ফাঁড়ি আওতাধীন পিত্রা বাজারে । ঘটনা বিবরণ প্রকাশ করতে গিয়ে ফাঁড়ির পুলিশ অফিসার জানান , গতকাল রাতে একটা নাগাদ প্রথম দিকে
রেস্টুরেন্টের ভেতরে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । তার পাশে থাকা দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনায় রাতের টহলরত পুলিশ ঘটনাটি প্রত্যক্ষ করতেই সাথে সাথে দমকল অফিসে খবর দেয়।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুইটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা
হলেও তিনটি দোকানের সমস্ত আসবাবপত্র ও মুদি সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার উপর।
কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে মধ্যরাতে এই বিস্ফোরণ ঘটলো ? কোথাও কি এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা ?
সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পিত্রা বাজার এলাকায় । জানা যায় পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রাথমিক তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ।