নিজস্ব প্রতিনিধি , মেলাঘর :
সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা পাওয়ার আশায় ছুটে আসেন মেলাঘর হাসপাতালে।
তবে চিকিৎসা পাওয়া তো পরের কথা, হাসপাতালে পা রাখতেই শুরু হয় অন্য যন্ত্রণা। মেলাঘর পৌরসভার উদ্যোগে নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের জরুরি প্রয়োজনে চরম বিপাকে পড়তে হচ্ছে।
ভোগান্তির চিত্র এখানেই শেষ নয়। হাসপাতালে আসা মানুষজন যাতে পরিশ্রুত পানীয় জল পেতে পারেন, তার জন্য জল জীবন মিশনের অধীনে বসানো হয়েছিল
আধুনিক ওয়াটার ভিজিটিং / এটিএম মেশিন। সামান্য পয়সার বিনিময়ে বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা থাকলেও, গত প্রায় দুই বছরেরও
বেশি সময় ধরে সেই মেশিনটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। ধুলোবালি জমে মেশিনটি এখন অকেজো।
চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনদের দাবি— হাসপাতাল চত্বরে পানীয় জল থেকে শুরু
করে ন্যূনতম শৌচাগারের সুবিধা না পেয়ে ক্ষোভ দিন দিন বাড়ছে। বারবার প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
অবিলম্বে তালাবন্ধ শৌচাগার খুলে দেওয়া এবং অকেজো জলের মেশিন দ্রুত মেরামত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্বাস্থ্যকেন্দ্রে যেখানে পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জল পাওয়া প্রথম ও প্রধান শর্ত, সেখানে মেলাঘর হাসপাতালের এই বেহাল দশা স্থানীয় প্রশাসনিক উদাসীনতাকেই ফুটিয়ে তুলছে।
পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তর কি এবার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, নাকি এভাবেই ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে?