নিজস্ব প্রতিনিধি ,ঋষ্যমুখ :
কৃষকদের মধ্যে আধুনিক কৃষি পদ্ধতি ও লাভজনক ফসল চাষে উৎসাহ বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে ঋষ্যমুখ কৃষি দপ্তর।
পাশাপাশি কৃষক নিবন্ধন ও ফার্মার আইডি তৈরির কাজও জোরকদমে চালিয়ে যাচ্ছে দপ্তর। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও সেক্টর অফিসাররা।
ত্রিপুরা কৃষি কলেজের সহযোগিতায় বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর ও ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন কৃষকের মধ্যে মাশকলাই ডাল চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছিল।
সেই বীজ ব্যবহার করে কৃষকরা সফলভাবে মাশকলাই ডাল চাষ করেছেন। সেই চাষের ফলন ও অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের খেত পরিদর্শন করেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শনকালে আধিকারিকরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মাশকলাই ডালের ফলন, চাষাবাদের অভিজ্ঞতা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
মাঠে ভালো ফলন দেখে এলাকার অন্যান্য কৃষকদের মধ্যেও মাশকলাই ডাল চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
ফলে আগামী দিনে আরও বেশি কৃষক এই লাভজনক ফসল চাষে এগিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে।
মাঠ দিবস কর্মসূচিতে কৃষকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান,
কৃষকদের বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের কৃষিকাজের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই দপ্তরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে কৃষকরাও জানান, মাশকলাই ডাল চাষে আশানুরূপ ফলন পাওয়ায় তারা লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদী।
এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি কৃষককে মাশকলাই ডাল চাষে উদ্বুদ্ধ করবে বলেও তারা মনে করেন।
এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস,
সেক্টর অফিসার সমর দেব, প্রণব মালাকার, বিটিএম বিবেকানন্দ আইচসহ অন্যান্য আধিকারিক ও কৃষকরা।