নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
ধর্মনগরের পর এবার উদয়পুরেও স্পা সেন্টারকে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ।
উদয়পুরের রাজাবাগ এলাকায় একটি স্পা সেন্টারে কথিত অবৈধ কার্যকলাপ চলছিল বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার সন্ধ্যারাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যারাতে রাজাবাগ এলাকার কয়েকজন যুবক ওই স্পা সেন্টারে প্রবেশ করেন।
সেখানে যুবক-যুবতীদের কথিত অনৈতিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় যুবকরা
ঘটনাস্থলেই কয়েকজনকে হাতেনাতে আটক করেন বলে দাবি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে উদয়পুরের রাধাকিশোরপুর থানার পুলিশ এবং রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই স্পা সেন্টার থেকে দুই গৃহবধূ ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
তবে ঠিক কী ধরনের কার্যকলাপ সেখানে চলছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় এ ধরনের স্পা সেন্টারের আড়ালে যদি কোনো বেআইনি বা অনৈতিক কার্যকলাপ চলে থাকে, তাহলে প্রশাসনের
পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্পা সেন্টারটির বৈধ অনুমোদন, লাইসেন্স এবং
সেখানে কী ধরনের পরিষেবা দেওয়া হচ্ছিল, সেসব বিষয়ও খতিয়ে দেখা দরকার বলে দাবি এলাকাবাসীর।
অন্যদিকে, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্পা সেন্টারের আড়ালে কথিত অবৈধ কার্যকলাপের অভিযোগ নতুন করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
তদন্তের পরই পরিষ্কার হবে, আসলে ওই স্পা সেন্টারে কী ধরনের কার্যকলাপ চলছিল এবং অভিযোগের সত্যতা কতটা।
কিন্তু যেভাবে উদয়পুরে অবৈধ স্পা সেন্টার গড়ে উঠেছে তারফলে ব্যাপকভাবে এক নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে শহরের বুকে।
বিভিন্ন ভালো করার সন্তানরা এইসব কাজে যুক্ত হচ্ছে। উদয়পুরে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের স্পা সেন্টার রয়েছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।