নিজস্ব প্রতিনিধি, সাব্রুম :
সাব্রুম শহরে ব্যাটারি চালিত অটোর তাণ্ডব ক্রমশ বাড়ছে, নেই মহকুমা প্রশাসন নগর পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের কোন হস্তক্ষেপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্ধারিত স্থান নেই।
ফলে অটোগুলি সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে।
অভিযোগ উঠেছে, শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুই পাশে সারি দিয়ে ব্যাটারি চালিত অটোগুলি দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
বিশেষ করে বাজার এলাকায় ব্যবসায়ীরা ঠিকমতো দোকান পরিচালনা করতে পারছেন না। অনেক সময় ক্রেতারা দোকানে ঢুকতেই পারছেন না, কারণ দোকানের সামনে অটোগুলি দাঁড়িয়ে থাকে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শুধু তাই নয়, শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোর সিগন্যাল লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে যান চলাচল নিয়ন্ত্রণের কোনো সঠিক ব্যবস্থা নেই। এতে করে প্রতিদিনই ছোট-বড় যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে সাবরুম শহরের ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, শহরের যানবাহন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে ব্যাটারি চালিত অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ করা জরুরি এবং ট্রাফিক ব্যবস্থাকেও সক্রিয় করতে হবে।
এ বিষয়ে সাব্রুম বাজার কমিটির সম্পাদক শুভঙ্কর দেবনাথ জানান, “শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছে।
এর ফলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়েই সমস্যায় পড়ছেন। আমরা চাই খুব দ্রুত প্রশাসন এই বিষয়টির দিকে নজর দিক।”
অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ বেশ কয়েকবার সাবরুম থানায় লিখিতভাবে ব্যাটারি চালিত অটো গুলোর জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় লিখিত আকারে জমা দিলেও থানা কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি এখনো পর্যন্ত ওই ব্যাটারি চালিত অটো গুলোর বিরুদ্ধে।
আর এ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারি চালিত অটোগুলি প্রতিনিয়ত শহরের বিভিন্ন জায়গায় কখনো দাঁড়িয়ে থাকা বাইক, গাড়িতে ধাক্কা দিচ্ছে এত করে যান দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।