নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৭ নভেম্বর :
গ্রামের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা চলাকালীন উপপ্রধানের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল
মাতাবাড়ি আর.ডি. ব্লকের অধীন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে। ঘটনাটি রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে ঘটে।
জানা যায়, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের উপস্থিতিতে গ্রামের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা চলছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী সভাস্থলে এসে
উপপ্রধান উত্তম দাস (৩৯)-এর উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনায় আহত উপপ্রধানকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এই ঘটনায় উপপ্রধান উত্তম দাস রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পূর্ব কুঞ্জবনের জুটন সরকার এবং কুঞ্জবনের লিটন দাসের
নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
জনপ্রতিনিধিদের উপর এ ধরনের হামলার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।