নিজস্ব প্রতিনিধি, রানীগঞ্জ | ৯ সেপ্টেম্বর :
ভেজাল খাবার ও নিম্নমানের খাদ্যসামগ্রীর বিরুদ্ধে এবার কড়া নজরদারি। রানীগঞ্জ বাজারের একাধিক চানাচুর, মশলা এবং সরষের তেল
তৈরির কারখানায় আচমকা অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে সংশ্লিষ্ট কারখানাগুলিতে তৈরি হওয়া খাদ্যসামগ্রীর গুণমান থেকে শুরু করে উৎপাদন ও
প্যাকেজিং—সমস্ত বিষয় খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা। বিশেষ করে খাবারে ভেজাল রয়েছে কিনা, নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে কিনা এবং
অন্য কোনও সংস্থার লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। অভিযান চলাকালীন কয়েকটি জায়গায় অসঙ্গতি নজরে আসে বলে জানা যায়।
সেখান থেকে সন্দেহজনক খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্টে কোনও অনিয়ম বা
ভেজালের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। পাশাপাশি, অন্য কোনও কোম্পানির নাম বা লেবেল
ব্যবহার করে খাদ্যসামগ্রী বিক্রি করার অভিযোগ প্রমাণিত হলেও নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ—এমনই বার্তা দিয়েছেন দপ্তরের আধিকারিকরা।
শুধু রানীগঞ্জ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেই খাদ্যসামগ্রীর গুণমান ও ভেজাল রুখতে নজরদারি চলছে।
রানীগঞ্জ শহরের বাজারগুলিতেও এই ধরনের অভিযান আগামী দিনে আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের এই আচমকা অভিযানে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ালেও, সাধারণ মানুষের একটাই প্রশ্ন—বাজারে যে খাবার কিনছি, তা আদৌ কতটা নিরাপদ?