কাঞ্চনপুর প্রতিনিধি÷
কাঞ্চনপুরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনদিন ধরে কাঞ্চনপুর শহরের বিভিন্ন দোকান ও বাড়িতে নিশি কুটুম্বের হানার অভিযোগ উঠেছে।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ, গ্যাস সিলিন্ডার, এমনকি চাল-ডাল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চুরের দল। আর এসবের মাঝেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বুধবার ভোররাতে কাঞ্চনপুর শহরের জম্পুই রোডের ব্যবসায়ী চিত্ত সাহার দোকান থেকে দুই বস্তা চাল এবং অন্য একটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে দুই চোর।
কাঞ্চনপুর বাজার কমিটির পাহারাদার এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক করা হয় তাদের। পরে ধৃতদের তুলে দেওয়া হয় ।
পরবর্তী সময় কাঞ্চনপুর থানার SI সর্বজয় রিয়াং যানান ধৃতদের নাম পরিণজয় রিয়াং ও রথি মোহন রিয়াং। পরিণজয়ের বাড়ি দামছড়া থানাধীন কাছগাওপাড়া এলাকায় এবং রথি মোহন রিয়াংয়ের বাড়ি কাঞ্চনপুর থানাধীন সাতনালা এলাকায়।
তিনি আরও জানান যে পূর্বেও তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে।সাম্প্রতিক সময়ে কাঞ্চনপুরে সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গেও তাদের যোগ থাকতে পারে বলেও তিনি অনুমান করেন।
গোটা ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে
এদিকে, টানা চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশের টহলদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
এক সপ্তাহে তিন-তিনবার চুরি হলেও পুলিশ কাউকে ধরতে পারেনি, শেষ পর্যন্ত বাজার কমিটির পাহারাদারদের হাতেই ধরা পড়ল চোরেরা।