নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২১ নভেম্বর :
মৎস্য চাষের প্রসার, মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উদযাপিত হলো রাজ্যভিত্তিক বিশ্ব মৎস্য দিবস ২০২৬।
শনিবার ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে গোমতী জেলার কাকড়াবন আর.ডি ব্লকের অন্তর্গত কাকড়াবন কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার,
মৎস্য, এআরডি ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের সচিব এস. প্রভু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। স্বাগত ভাষণ দেন মৎস্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুজিত সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা।বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দেবল দেবরায় বলেন,
রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ মাছ খেয়ে থাকেন। তাই রাজ্যের বিপুল মাছের চাহিদা পূরণে অভ্যন্তরীণ মাছ উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে নতুন পুকুর খনন, জলাশয় তৈরি, মাছের পোনা ও খাদ্য বিতরণ এবং মৎস্য চাষিদের
প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্যচাষিদের স্বনির্ভর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের বিভিন্ন বিভাগের মোট ১৩ জন মৎস্যচাষিকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ্ব মৎস্য দিবসের এই আয়োজন রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের
উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।