নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরে রাজর্ষি কলাক্ষেত্রে প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, তথ্যপ্রযুক্তি, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং যুব বিষয়ক ও ক্রীড়া, শ্রম, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গণপূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এবং গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষভসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান করেন গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার।
এই অনুষ্ঠানের মাধ্যমে গোমতী জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় ধাপের সূচনা করা হয়। পাশাপাশি নিরাময় স্বাস্থ্য কার্ড বিতরণ, নিরাময় ল্যাব নেটওয়ার্ক চালু, ডায়রিয়া প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন এবং শিশুদের মধ্যে ওআরএস কিট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উদয়পুর ইংরেজি মাধ্যম স্কুল, ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলে সিন্থেটিক ফুটবল টার্ফ স্থাপন, এসডিএম অফিস কমপ্লেক্স এবং উদয়পুরে টাইপ-III স্টাফ কোয়ার্টার নির্মাণ।
একই সঙ্গে একাধিক প্রকল্পের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে উদয়পুর মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও নতুন জি+৪ তলা ভবন নির্মাণ,
হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের উন্নয়ন, আরডি বিভাগের বিভিন্ন দপ্তরের অফিস ভবন নির্মাণ, গোমতী যাত্রী নিবাস থেকে জাতীয় সড়ক-০৮ পর্যন্ত ডাকবাংলো রোডের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, নতুন জেলা শ্রম কার্যালয় এবং ডিজিটাল শ্রম চত্বর নির্মাণ,
এছাড়াও কাকরাবান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ।
অনুষ্ঠানে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
টিবি চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান করা হয় এবং কয়েকজনের মধ্যে খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়। পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজের জন্য আশা কর্মীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা বলেন, রাজ্য সরকার মানুষের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো প্রত্যন্ত এলাকার মানুষদের কাছেও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।
এই সমস্ত প্রকল্পের সূচনার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে গোমতী জেলার অবকাঠামো, স্বাস্থ্য পরিষেবা এবং জনসেবার মান আরও উন্নত হবে, যা জেলার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।