নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
গত তিন বছর পূর্বে সিপাহীজলা জেলার সোনামুড়া দুর্গাপুর এলাকার সানিয়া আক্তারের সাথে
বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন উদয়পুর টাউন সোনামুড়ার সোহেল পোদ্দার নামে এক যুবক।
কিন্তু একটা সময় পড়াশুনা করার জন্য সানিয়া তার স্বামী সোহেলকে বোঝানোর চেষ্টা করে সে পড়াশুনা করবে তার ভবিষ্যতের জন্য ।
পরবর্তী সময় পড়াশুনার জন্য স্বামী সোহেল পোদ্দার সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় ভর্তি করিয়ে দেন তার স্ত্রী সানিয়া আক্তার কে।
বর্তমানে দ্বিতীয় বর্ষের চতুর্থ ধাপে পাঠরত ছিল সানিয়া। কিন্তু গত ১৭ তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে অন্যান্য দিনের মতো সানিয়া আক্তার উদয়পুর
টাউন সোনামুড়া তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। দুপুর গড়িয়ে রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসার কারণে
যখন সোহেল তার স্ত্রীর মোবাইলে ফোন করে সে সময় মোবাইল ফোন সম্পূর্ণরূপে বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময় সোহেল পোদ্দার তার শ্বশুর বাড়িতে ফোন করে যখন খোঁজ শুরু করে
তখন সে জানতে পারে তার স্ত্রী বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলার কতোয়ালি থানার অন্তর্গত বিবির বাজার এলাকায় অবস্থান করছে।
সংবাদের সূত্রে আরও জানা যাচ্ছে , কিভাবে বাংলাদেশে তার স্ত্রী সেখানে গিয়েছে তার উত্তর খোঁজার জন্য বর্তমানে আইনের দ্বারস্থ হয়েছেন গোটা সোহেলের পরিবার।
বর্তমানে স্বামী সোহেল পোদ্দার তার স্ত্রী সানিয়া আক্তার কে ফেরত পাওয়ার জন্য শনিবার সন্ধ্যায় উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় গিয়ে
আইনের আশ্রয় নিয়েছে এবং নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা হাতে পেয়ে নড়েচড়ে বসেছে ইতিমধ্যে।
শুরু হয়েছে উচ্চ পর্যায় তদন্ত। তার স্ত্রীকে বাংলাদেশে পাঠানোর সাথে কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সোহেল পোদ্দার।
যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় ।
আবেদন ইতিমধ্যেই রাধা কিশোরপুর মহিলা থানায় জানানো হয়েছে।