নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার :
গণমাধ্যমের স্বাধীনতা,সাংবাদিকদের ঐক্য ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের অঙ্গীকারে রবিবার শান্তিরবাজারের পূর্ত দপ্তরের
বাংলোয় শান্তিরবাজার প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার, দায়িত্ব এবং পরিবর্তিত সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা ও মতবিনিময় হয়। একই সঙ্গে শান্তিরবাজার ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়কে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়েও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক তরুণ কান্তি সরকার,
শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস-চেয়ারপার্সন সত্যব্রত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে শুরুতে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সম্পাদক বিক্রম দেবনাথ।
উদ্বোধন পর্বের পর সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের উপর সদস্যরা আলোচনায় অংশ নেন। শেষে ১০ জনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়৷
নতুন কমিটির সভাপতি অর্নব চক্রবর্তী, সম্পাদক বিশ্বেশ্বর মজুমদার ও অভিজিত দে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। অফিস সম্পাদক নির্বাচিত হন কেশব দেবনাথ।
মহকুমার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলন থেকে।