উদয়পুর প্রতিনিধি
মঙ্গলবার উদয়পুর মহকুমার রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় এক পরিত্যক্ত জঙ্গল থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতার নাম রানু বালা সাহা (৭০)। তিনি রাজারবাগ সুকান্তপল্লী এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা ব্যবসায়ী রামু সাহার বাড়িতে হঠাৎ তীব্র দুর্গন্ধ অনুভূত হয়।
পরে বাড়ির শৌচালয়ের পিছনে অবস্থিত একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ।
কিছুক্ষণ পর একই এলাকার বাসিন্দা শ্যামল সাহা ও অমর সাহা ঘটনাস্থলে এসে মৃতদেহটি শনাক্ত করেন। তারা জানান, মৃতা তাদের মা রানু বালা সাহা।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।
পরে মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃতার ছেলে শ্যামল সাহা জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের জঙ্গল থেকে সবজি সংগ্রহ করতেন। অনেক সময় কাউকে কিছু না জানিয়েই আত্মীয়দের বাড়িতেও চলে যেতেন। গত ১৩ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার প্রথমে ধারণা করেছিল তিনি অমরপুরে মেয়ের বাড়িতে গেছেন, যদিও পারিবারিক কলহের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
তিন দিন পর মঙ্গলবার সকালে ওই পরিত্যক্ত জঙ্গল থেকেই তার দেহ উদ্ধার হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় রানুবালা সাহা নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।
মৃতার দুই ছেলে দেহটি শনাক্ত করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।