নিজস্ব প্রতিনিধি, খোয়াই | 24 সেপ্টেম্বর :
আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার
খোয়াই জেলার একাধিক ব্লকের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন খোয়াই
জেলার জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।এদিন প্রথমে রাজ্য নির্বাচন কমিশনার
পদ্মবিল ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার এবং একটি পুলিং স্টেশন পরিদর্শন করেন। সেখানে নির্বাচনী সামগ্রী সংরক্ষণ, ভোটগ্রহণ এবং ভোট গণনার জন্য নেওয়া প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট
আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।এরপর তুলাশিখর ব্লকে গিয়ে রিটার্নিং অফিসার বিশ্ব দেববর্মাকে সঙ্গে নিয়ে ভারত সর্দারপাড়া
বিদ্যালয়ে তৈরি করা স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুমের নিরাপত্তা, ভোট গণনার পরিকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রস্তুতিও
খতিয়ে দেখেন রাজ্য নির্বাচন কমিশনার। পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী জানান, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে
খোয়াই জেলার প্রত্যেকটি ব্লকের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত বিষয় যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, সেদিকেই বিশেষ নজর
দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ নির্বাচন সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষ
গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন বলেও জানান রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ২৮ সেপ্টেম্বরের ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক
স্তরে প্রস্তুতি জোরদার হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন স্তরে প্রস্তুতি চলছে।