নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৮ সেপ্টেম্বর :
বিশ্বকর্মার পুজোর রাতে উদয়পুরে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল রফিক মিঞা নামে এক ব্যক্তির। ঘটনা উদয়পুর হাউজিং বোর্ড জাতীয় সড়কে ।
এদিন রাত ৯ টা নাগাদ এই ঘটনাটি জাতীয় সড়কের উপরে ঘটেছে বলে জানা যায়। সংবাদের সূত্রে জানা গিয়েছে , হাউজিং বোর্ড জাতীয় সড়কে
দুইটি বাইক মুখোমুখি চলে আসার ফলে ঘটনাস্থলে ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। আহত হন বাইকে থাকা তিনজন ব্যক্তি।
পরে দুর্ঘটনাটি পথ চলতি জনগণ দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয় । পরে দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের
উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় । হাসপাতাল সূত্রে জানা যায় , রফিক মিঞা নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং
অপর এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছে ।
মুহূর্তের মধ্যে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে উদয়পুর শহরে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।
কিন্তু প্রশ্ন উঠছে বিশ্বকর্মার পূজোর রাতে যেভাবে বেপরোয়া যান চলাচল ঘটে গিয়েছে প্রতিনিয়ত জাতীয় সড়ক জুড়ে ।
তাতে করে সড়কের নিরাপত্তা রীতিমত প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। ট্রাফিক দপ্তরের ভূমিকাও বিশ্বকর্মার পূজোর
সন্ধ্যা রাত থেকে প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে বলে মনে করছে বিভিন্ন মহল ।