নিজস্ব প্রতিনিধি , বাগমা | ২৪ নভেম্বর :
২৫ বছরেও সেতুর দেখা নেই, বাঁশের সাঁকো পেরিয়ে ঝুঁকির জীবন ২০ জনজাতি পরিবারের
ভোট আসে, ভোট যায়।
নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে আশার আলো দেখেন প্রত্যন্ত এলাকার মানুষ। কিন্তু ভোট মিটতেই সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গোমতী জেলার উদয়পুর মহকুমার বাগমা বিধানসভার পিত্রা দেওয়ানবাড়ি এলাকার ২০টি জনজাতি পরিবারের জীবনযাত্রায় যেন সেই প্রশ্নই প্রতিফলিত হচ্ছে।
প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে একটি ছড়া পারাপারের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভর করে দিন কাটছে তাঁদের।
নিরাপদ যাতায়াতের জন্য স্থায়ী সেতু না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পরিবারের সদস্যদের। এলাকায় গিয়ে দেখা যায়, ছড়ার উপর তৈরি একটি বাঁশের সাঁকোই
ওই পরিবারগুলির বাড়িতে পৌঁছনোর একমাত্র পথ। কোনও স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন এই সাঁকো দিয়েই শিশু, বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যাতায়াত করতে হয়।
দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে তৈরি এই সাঁকো ব্যবহার করতে করতে তা কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠছে। সামান্য অসাবধানতা কিংবা ভারসাম্য হারালেই ছড়ার জলে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় যুবক রাজেন্দ্র মলসমের কথায়, তাঁদের সমস্যার কথা যেন কারও নজরেই আসে না। ভোটের সময় নেতা-মন্ত্রীদের আনাগোনা দেখা গেলেও নির্বাচনের পর আর তাঁদের খোঁজ পাওয়া
যায় না বলে বিষাদের সুরে জানান তিনি। তাঁর অভিযোগ, পিত্রা থেকে নিত্যবাজার সংলগ্ন এই পথ দিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতা-মন্ত্রী যাতায়াত করেন।
অথচ তাঁদের বাড়িতে যাওয়ার জন্য যে একটি বিপজ্জনক বাঁশের সাঁকো পেরোতে হয়, সেই সমস্যার সমাধানে এখনও কোনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।
দীর্ঘ বছর ধরে একই দুর্ভোগের মধ্যে দিন কাটলেও তাঁদের পরিস্থিতি বদলায়নি। সাঁকো পারাপারের সমস্যা শুধু দৈনন্দিন যাতায়াতেই সীমাবদ্ধ নয়,
কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলির কাছে তা আরও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজেন্দ্র মলসম জানান, মাথায় ধানের বস্তা নিয়ে বাড়িতে ফিরতে হলে অনেক সময় বাঁশের সাঁকো দিয়ে
পার হওয়া সম্ভব হয় না। তখন বাধ্য হয়ে ছড়ার জল পেরিয়ে পায়ে হেঁটে বাড়িতে যেতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
বৃষ্টির জলে ছড়ার জল বেড়ে গেলে বাঁশের সাঁকো ভেসে যায়। ফলে তাঁদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা বাড়িতে ফিরে আসাও কঠিন হয়ে পড়ে।
পরিবারগুলির কয়েকজনের বাইক ও স্কুটি থাকলেও সেগুলি সাঁকো পার করে বাড়িতে নিয়ে
যাওয়া সম্ভব হয় না। তাই অন্যের বাড়িতে যানবাহন রেখে সাঁকো পেরিয়ে নিজেদের বাড়িতে যেতে হয়। বছরের পর বছর এমন ব্যবস্থার মধ্যেই তাঁদের জীবনযাত্রা চলছে।
নিরাপদ যোগাযোগ ব্যবস্থার অভাবে প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মেও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এর পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে।
স্থানীয়দের দাবি, ওই ২০টি পরিবারের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ছড়ার জল পান করা, রান্না এবং অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহার করতে হচ্ছে।
স্বাভাবিকভাবেই এই জল ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ঝুঁকির আশঙ্কা রয়েছে। নিরাপদ পানীয় জল ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদার মধ্যে
পড়লেও তাঁদের ক্ষেত্রে দুটিই এখনও অনিশ্চিত বলে অভিযোগ। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবার প্রশাসন ও সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাঁদের দাবি, ছড়ার উপর একটি লোহার ব্রিজ কিংবা উপযুক্ত স্থায়ী সেতু নির্মাণ করা হলে বহু বছরের যাতায়াতের সমস্যা দূর হবে।
পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও দ্রুত করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বাঁশের সাঁকোকে ভরসা করে চলা
এই পরিবারগুলির দুর্ভোগের অবসান কবে হবে, তা এখন প্রশাসনের উদ্যোগের উপর নির্ভর করছে।
ভোটের প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবের সমস্যাগুলির সমাধান কতটা গুরুত্ব পাবে, সেই অপেক্ষায় রয়েছেন পিত্রা দেওয়ানবাড়ির বাসিন্দারা।