Home » রাতের আঁধারে দক্ষিণ ঘিলাতলিতে কৃষি জমিতে দুষ্কৃতি তাণ্ডব

রাতের আঁধারে দক্ষিণ ঘিলাতলিতে কৃষি জমিতে দুষ্কৃতি তাণ্ডব

by admin

কল্যাণপুর প্রতিনিধি:
কিছু দিন পর পরই রাতের আঁধারে কে বা কারা অবলীলায় একের পর এক কৃষি খেতে তাণ্ডব লীলা সংঘটিত করে। আরো একবার দক্ষিণ ঘিলাতলি এলাকায় কৃষি জমিতে দুষ্কৃতি তাণ্ডবের জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
ঘটনার বিবরণে জানা যায় কল্যানপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের নদী ভাঙ্গা এলাকায় গৌতম সরকার পিতা মৃত নিতাই সরকার এবং প্রদীপ সরকারের ছেলে সুদীপ সরকার আজ সকালে নিজ নিজ কৃষি জমিতে গিয়ে দেখতে পান সাড়ি সাড়ি গাছ কাটা। উল্লেখ্য গৌতম সরকারের বেগুন খেত এবং সুদীপ সরকারের বড়ই খেত আক্রমণের স্বীকার হয়েছে। ঘটনার আকস্মিকতায় একপ্রকার হতবিহ্বল হয়ে পড়ে সংশ্লিষ্ট কৃষক দ্বয় সহ প্রতিবেশীরা। প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে শ্রী সুদীপ সরকার দাবি করেন পরিবার সূত্রে দীর্ঘদিন এলাকায় কৃষিকাজ করলেও এই গত কিছুদিন ধরেই এমন ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে তিনি ভেবেই পাচ্ছেন না এরকম সর্বনাশ ওনার কে করলো? খোলাখুলি বললেন জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই কৃষি, অনেক ধার দেনা করে ফসল ফলিয়েছিলেন বলেও জানান তিনি। এই ধ্বংসলীলার ফলে একদিকে যেমন আয়ের উৎসটা আপাতত বন্ধ হয়ে গেছে, ঠিক এর পাশাপাশি বিপুল পরিমাণে ঋণ কিভাবে শোধ করবেন তাই এখন ভেবে পাচ্ছেন না সুদীপ সরকাররা।
গোটা ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যেই এলাকার অন্যান্য কৃষক সহ-সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকরা আইনের দ্বারস্থ হয়েছেন বলেও খবর। এদিকে সম্মিলিতভাবে এলাকাবাসী গোটা ঘটনার রহস্য উদঘাটনের তীব্র ভাষায় দাবি করছেন। ঘটনার পেছনে কি থাকতে পারে তা-ই এখন গোটা এলাকা জুড়ে আলোচনা চলছে। অনেকে আবার এই ঘটনার পেছনে সংশ্লিষ্ট এলাকার ক্রমবর্ধমান নেশা সাম্রাজ্যের বিস্তারের কোন ভূমিকা থাকতে পারে বলেও অনুমান করছেন। সে যাই হোক দুষ্কৃতিকারীদের তাণ্ডবলীলায় দক্ষিণ ঘিলাতলির কৃষক সুদীপ সরকার, গৌতম সরকাররা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে এক প্রকার পথে বসে গেছেন বলা চলে। এখন দেখার বিষয়, প্রশাসন তথা কৃষি দপ্তর কোনভাবে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায় কিনা।

You may also like

Leave a Comment