Home » অনিয়মের ছায়া, ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে ছাত্রী

অনিয়মের ছায়া, ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে ছাত্রী

by admin

শিক্ষার মন্দির বলে পরিচিত বিদ্যালয় যখন অনিয়মের আঁতুড়ঘরে পরিণত হয়, তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিরীহ ছাত্র-ছাত্রীদের। এমনই এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠে এসেছে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রকে ঘিরে।
জানা গেছে, দোলবারি হাই স্কুলের ছাত্রী রিয়া মগ মাধ্যমিক পরীক্ষার অংশ হিসেবে এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। চারটি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও শেষ দিনের অংক পরীক্ষায় ঘটে বিপত্তি রিয়া মগ নামে ওই পরীক্ষার্থীকে স্ট্যান্ডাট প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও তাকে দেওয়া হয় বেসিক এর প্রশ্ন আর এই বিষয় হলে কর্মরত শিক্ষিকা নিজের ভুল ধরতে পারেন পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে তখন ওই ছাত্রীর কাছ থেকে প্রশ্নপত্র ও তার খাতা ছিনিয়ে নে। অভিযোগ, পরীক্ষাকক্ষে দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলার কারণে সে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি, যার ফলে তার ফলাফল শূন্য পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, পরীক্ষার সময় সেন্টার সুপারভাইজার প্রণব দাসের উদাসীনতা এবং দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের গ্র্যাজুয়েট টিচার সুতপা পালের কর্তব্যহীনতা পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে। অভিযোগ উঠেছে, দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ পরীক্ষার নিয়ম মানার পরিবর্তে অবহেলা প্রদর্শন করেছেন।
এতেই শেষ নয়, তদন্তে নেমে আরও গুরুতর অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, এই কেন্দ্রে দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক নিজেদের বিদ্যালয়ের ছাত্রদের বিশেষ সুবিধা দিয়ে আসছেন, এমনকি পরীক্ষার সময় উত্তরপত্রে সহায়তা করার অভিযোগও রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনও প্রশাসনিকভাবে কোনও নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ আরও, গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে ক্ষোভ বাড়ছে অভিভাবক মহলে।
একটি মেয়ের ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে, তখন এই ঘটনা শুধু একটি বিদ্যালয়ের নয়, গোটা শিক্ষা ব্যবস্থার উপরই বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের কতটা নিরপেক্ষ তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

You may also like

Leave a Comment